আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে উত্তর তারাবুনিয়ায় ৮৭নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসাদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় মাঠপ্রাঙ্গণে নব-জাগরণ ছাত্রকল্যাণ সংগঠন, উত্তর তারাবুনিয়া ‘র আয়োজনে মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আলী আসাদ দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাদের দাবি, এক সহকারী শিক্ষকের স্ত্রীর সাথে প্রধান শিক্ষকের পরকীয়ার সম্পর্ক রয়েছে।

এছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানান বক্তারা। বক্তারা আরও দাবি করেন, বিভিন্ন অভিযোগের কারণে তিনি অতীতে সাময়িক বরখাস্ত সহ একাধিক বিদ্যালয়ে বদলি হয়েছেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাঁর আচরণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তাঁকে দ্রুত বর্তমান কর্মস্থল থেকে অপসারণ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবী জানান।
সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন মানববন্ধনে বক্তব্যকালে বলেন, বিভিন্ন ঘটনায় তিনি ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং তাঁর বিরুদ্ধে নেওয়া সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হোক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছুটিকে কেন্দ্র করে প্রধান শিক্ষক আলী আসাদ ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।