আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও কৃষি প্রণোদনার বীজ, বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
৪ জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ।
সহকারি কমিশনার (ভূমি) কে.এম রাফসান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বকর সিদ্দিক। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আত্মকর্মসংস্থান ও নারীর আর্থিক ক্ষমতায়নে নির্বাচিত উপকারভোগীদের মাঝে ১৮টি সেলাই মেশিন বিতরণ করা হয় ও ১২শ জন কৃষককে শাকসবজির বীজ, ৬শ ৩০ জন কৃষককে মরিচ বীজ, ২০ জন কৃষককে ১৬০ কেজি পেয়াজের বীজ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ বলেন, কৃষিকে সমৃদ্ধশালী করতে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার। যার অংশ হিসেবে শরীয়তপুরে ১ হাজার কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, কৃষি কাজে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগানোর আহবান জানান।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, ওসি আবুল বাশার, সখিপুর থানার ওসি মোঃ মোফাজ্জল হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।