আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
রাজধানী ঢাকার দোহার উপজেলায় দুধের মান নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় দুধে পানি মেশানোর অপরাধে ৯ বিক্রেতাকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার লটাখোলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।
সূত্র জানায়, খাদ্যে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে লটাখোলা বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুধে পানি মেশানোর অপরাধে ৯ জনকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা প্রায় ১০০ লিটার ভেজাল দুধ বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, জনস্বার্থে দোহারে নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা অবহিত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।