এগ্রিলাইফ প্রতিবেদক:আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ আর বিদায়ের আবেগঘন মুহূর্তে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জেডএইচএসইউএসটি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের ‘র্যাগ ডে’। শিক্ষাজীবনের দীর্ঘ পথচলার সমাপ্তি এবং নতুন কর্মজীবনে পদার্পণের প্রত্যাশাকে ঘিরে দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কেটে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। সকাল থেকেই ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের পদচারণা, আনন্দ-উল্লাস ও সহপাঠীদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত ভাগাভাগিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
দিনব্যাপী আয়োজনে ছিল স্মৃতিচারণ, আলোচনা সভা, আনন্দ-উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিনের সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দিনটিকে স্মরণীয় করে রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষাজীবনের সমাপ্তি ঘটলেও প্রকৃতপক্ষে এখান থেকেই শুরু হচ্ছে জীবনের নতুন অধ্যায়। অর্জিত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে কর্মজীবনে প্রবেশ করতে হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক কখনো শেষ হয় না; তাঁদের সাফল্যই বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গৌরব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আকতারুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. শাহীদুর রহমান খান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মারুফ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন।
এছাড়াও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মশহুদ উজ জামান, সহযোগী অধ্যাপক ও প্রক্টর ইমামুনুর রহমান, সহযোগী অধ্যাপক, ছাত্র উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক সনেট কুমার সাহা, মকফরউদ্দিন হলের প্রাধ্যক্ষ আমিমুল এহসান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দীন, পরিচালক (অর্থ) ইনামুল কবির, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক মো. সাইফুজ জামান, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও আইন বিভাগের সহকারী অধ্যাপক শাকিলা সুলতানা স্মৃতি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর রাজু সাহাজি, প্রভাষক রোকসাদ কবির, ইসরাত জাহান এবং নাফিয়া সুলতানা নিতু।
শিক্ষাজীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে যাত্রা শুরুর প্রত্যয়ে ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য দিনটি হয়ে ওঠে আনন্দ, আবেগ ও ভালোবাসায় ঘেরা এক স্মরণীয় অধ্যায়।