আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ঠিকাদারদের পেশাগত স্বার্থ, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মাহবুবুর রহমান হিরু তালুকদারকে সভাপতি, নুরুজ্জামান সিকদারকে কার্যনির্বাহী সভাপতি এবং কাজী জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাদের নেতৃত্বে মোট ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ১৫ সদস্যবিশিষ্ট সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

সমিতির নবগঠিত কমিটির সদস্যরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে ঠিকাদারি পেশায় যুক্ত। তাদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ পুরাতন ঠিকাদারের পাশাপাশি নতুন প্রজন্মের ঠিকাদাররাও। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত নতুন কমিটি সমিতির কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির অন্যতম লক্ষ্য হলো ঠিকাদারদের পেশাগত সমস্যা ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা।
নবগঠিত কমিটির সভাপতি মাহবুবুর রহমান হিরু তালুকদার বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি রেজিস্টার্ড সমিতি। সমিতিটির রেজিস্ট্রেশন ক্রমিক নম্বর ১১৩। কমিটির সকল সদস্যের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমিতি ভবিষ্যতে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন এবং ঠিকাদারদের পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।