আজকের শরীয়তপুর প্রতিবেদক :
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার প্রশাসনিক ইতিহাসে যুক্ত হলো এক নতুন গৌরবময় অধ্যায়। উপজেলা প্রতিষ্ঠার পর এই প্রথম নারী এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের স্বর্ণা সুলতানা জেনী।
গত সোমবার ( ১৫নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত এসিল্যান্ড আবু বকর সিদ্দিক তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দাপ্তরিক দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উপজেলার ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে গতিশীলতা আনতে কাজ শুরু করেছেন। যোগদান পরবর্তী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে স্বর্ণা সুলতানা জেনী বলেন, ভেদরগঞ্জ উপজেলার প্রথম নারী এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সাধারণ মানুষ যেন কোন প্রকার দালাল চক্রের হয়রানি ছাড়াই সরাসরি ও স্বচ্ছতার সাথে ভূমি সেবা পান, সেটি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর আদায় এবং সরকারি খাস জমি রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। উপজেলা ভূমি অফিসে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা প্রধানকে ইতিবাচক হিসেবে দেখছেন ভেদরগঞ্জের সচেতন নাগরিক ও সেবাপ্রার্থীরা।
স্থানীয়দের প্রত্যাশা, তার দক্ষ ও মানবিক নেতৃত্বে উপজেলা ভূমি অফিস আরও বেশি সেবামুখী, দুর্নীতিমুক্ত এবং নারীবান্ধব হয়ে উঠবে।